বাংলাদেশে সিমেন্ট, চিনি ও চামড়াজাত পণ্য রপ্তানি করতে চায় পাকিস্তান
- আপডেট সময় : ০৯:২০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
- / 97
বাংলাদেশে সিমেন্ট, চিনি ও চামড়াজাত পণ্য রপ্তানির আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশে সফররত পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী জাম কামাল খান। তিনি বলেছেন, পাকিস্তান সিমেন্ট, চিনি, পাদুকা ও চামড়া প্রভৃতি খাতে বেশ ভালো করছে। বাংলাদেশ চাইলে পাকিস্তান থেকে এসব পণ্য আমদানি করতে পারে।
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদের মধ্যে এক সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই আগ্রহ প্রকাশ করেন। আজ বৃহস্পতিবার মতিঝিলে ডিসিসিআইয়ের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
এ সময় ঢাকা চেম্বারের সভাপতি তাসকীন আহমেদ বলেন, ‘সংস্কৃতি ও জীবনাচরণের দিক দিয়ে দুই দেশের মানুষের প্রচুর মিল আছে। পাকিস্তানের টেক্সটাইল ও বিশেষ করে জুয়েলারি পণ্য এ দেশের মানুষের মাঝে বেশ চাহিদা রয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ উন্নয়নে এফটিএ স্বাক্ষরের জন্য আদেশের বেসরকারি খাত সব সময়ই সরকারকে প্রস্তাব দিয়ে আসছে এবং পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের এফটিএ স্বাক্ষর হলে দ্বিপক্ষীয় ব্যবসা-বাণিজ্য আরও সম্প্রসারিত হবে।’
দুই দেশের মধ্যে সরাসরি বিমান ও কার্গো যোগাযোগ চালু হলে দুই দেশের ব্যবসায়িক যোগাযোগ বৃদ্ধি পাবে বলে জানান তিনি।
পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান বলেন, বাংলাদেশ ও পাকিস্তান উভয়ই রপ্তানির ক্ষেত্রে তৈরি পোশাক এবং টেক্সটাইল খাতের ওপর অধিক মাত্রায় নির্ভরশীল, দুটো দেশেরই রপ্তানি পণ্যের বহুমুখীকরণের ওপর জোরারোপ করা প্রয়োজন।
ইউরোপের দেশগুলোসহ কানাডা ও যুক্তরাষ্ট্রে ব্যবহৃত পোশাকের নতুন ডিজাইনের মাধ্যমে পুনর্ব্যবহার জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে জানিয়ে জাম কামাল খান বলেন, এই দেশগুলোতে দুই দেশের পোশাক খাতের উদ্যোক্তাদের মনোনিবেশ করা আবশ্যক। যার মাধ্যমে রপ্তানি বাণিজ্যের নতুন দিগন্ত উন্মোচিত হবে।

















