ডাকসু নির্বাচন ৯ সেপ্টেম্বর
- আপডেট সময় : ০৮:২৪:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
- / 43
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোট গ্রহণ হবে আগামী ৯ সেপ্টেম্বর। আজ মঙ্গলবার বিকেলে এক সংবাদ সম্মেলনে নির্বাচনের এই তারিখ ঘোষণা করেন ডাকসু নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন।
বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামীকাল (৩১ জুলাই) খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। এই তালিকা নিয়ে আপত্তি জানানোর শেষ তারিখ ৮ আগস্ট। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ১১ আগস্ট।
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বিতরণ শুরু হবে ১২ আগস্ট এবং চলবে ১৮ আগস্ট পর্যন্ত, প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ১৯ আগস্ট বেলা ৩টা। যাচাই-বাছাই করা হবে ২০ আগস্ট এবং প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে ২১ আগস্ট দুপুর ১২টায়।
মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৪ আগস্ট দুপুর ১২টা। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হবে ২৫ আগস্ট বিকেল ৪টায়।
ভোট গ্রহণ হবে ৯ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বেলা ৩টা পর্যন্ত। ফলাফলও ওই দিনই ঘোষণা করা হবে। একই সঙ্গে হল সংসদের নির্বাচনও অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, সর্বশেষ ডাকসু নির্বাচন হয়েছিল ২০১৯ সালে—২৮ বছর পর অনুষ্ঠিত সেই নির্বাচনে অংশ নিয়েছিল ছাত্র সংগঠনগুলো।

















